গাইবান্ধার পলাশবাড়ীতে ব্র্যাক মোড়ে গাড়ি চাপায় রফিকুল ইসলাম (৪৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রফিকুলের বাড়ি পাশের জেলা বগুড়ার শাহজাহানপুর উপজেলার কচুয়াদহ গ্রামে। তিনি উত্তরা ব্যাংকের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শাখায় কর্মরত ছিলেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনছার আলী জানান, রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রফিকুল। পথে ব্র্যাক মোড়ে এলে একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।