এবার লেখকের ভূমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকী

সাদাত হাসান মান্টোকে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সেরা ছোটগল্প লেখক হিসেবে বিবেচনা করা হয়। আর ১৯১২ সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাবে জন্ম নেয়া এ লেখককে নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস। নতুন খবর হলো ইরফান খান নয়; ভারত-ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।
 
৬৯তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে এই কথা ঘোষণা করেন নন্দিতা। এছাড়া ফেসবুক এবং টুইটারেও পোস্ট করেছেন খবর।
 
নন্দিতার কথায়, 'মান্টো খুব চ্যালেঞ্জিং চরিত্র। বলিউডে খুব কম সংখ্যক অভিনেতা আছেন, যারা এই চরিত্রে অভিনয় করতে পারবেন। তবে নওয়াজউদ্দিনের কথা আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম।'
 
ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন হোলি বেসিল প্রোডাকশনের বিবেক কাজরিয়া এবং এবিক্স গ্রুপের রবীন রায়না।
 
এ ব্যাপারে নওয়াজউদ্দিন বলেছেন, 'মান্টোর লেখা আমার বরাবরই পছন্দের। তাই তার চরিত্রে অভিনয় করতে পারব বলে খুবই খুশি।'
 
এর আগে খবর প্রকাশ হয় নন্দিতা পরিচালিত এ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা ইরফান খান। সূত্র- দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।