শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত ও অপদস্থ হওয়ার ভিডিও চিত্র যখন ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে তখনই সাধারণ মানুষ তাদের ক্ষেভ ও নিন্দা জানাতে শুরু করে। ওই স্কুল শিক্ষককে যেভাবে কান ধরিয়ে অপমান করা হয় ঠিক সেই ভঙ্গিতেই সকলকে তাদের ফেসবুকে ছবিসহ স্যাটাস দিতে দেখা গেছে।
 
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও এবং ছবিতে দেখা গেছে নারায়ণগঞ্জের একটি স্কুলের প্রধান শিক্ষককে কান ধরে ওঠ-বস করানো হচ্ছে জনতার সামনে। আর সেখানে উপস্থিত রয়েছেন একজন স্থানীয় সংসদ সদস্য। দক্ষিণ এশিয়ার স্কুলগুলোতে যেভাবে ছাত্রদের শাস্তি স্বরূপ কান ধরিয়ে ওঠ-বস করানো হয় ঠিক সেভাবে ওই শিক্ষককে শাস্তি দেয়া হয়।IMG0
 
গত শুক্রবার জনতা স্থানীয় নেতা সেলিম ওসমানের সামানেই তাকে পিটিয়েছে বলেও বিবিসি’র প্রতিবেদনটিতে বলা হয়েছে।
 
এর কারণ হিসেবে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, শিক্ষক শ্যামল কান্তি কোনো এক ছাত্রকে ধরে পিটিয়েছেন এবং ইসলামের নামে কটূক্তি করেছেন। পরে ওই শিক্ষক এ বিষয়টি অস্বীকার করেছেন। শ্যামল কান্তি ভক্ত বলেছেন, এটা একটা ষড়যন্ত্র, যা স্কুল কমিটি করেছে তার বিরুদ্ধে। সেই স্কুল কমিটি পরে বাতিল ঘোষণা করা হয় বলে খবরে প্রকাশ করা হয়েছে।
 
ভিডিওটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই এ বিষয়টি নিয়ে ফেসবুক ও ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সকলে। অনেকে তাদের কান ধরে ওঠ-বস করার ছবি প্রকাশ করে। ইরেশ জাকের লিখেছেন - ‘আমরা দুঃখিত স্যার। আসুন কান ধরে প্রতিবাদ জানাই।’IMG1
 
ফেসবুক ব্যবহারকারী সাইফ কামাল লিখেছেন, ‘এটা কোনো ব্যক্তির ওপর আঘাত নয় সমগ্র জাতিকে আঘাত করা হয়েছে।’
 
অপর একজন লিখেছেন, ‘আমরা শুধু দুঃখিত নই, ঘৃণা জানাই।’