যশোরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

যশোরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আসাদুজ্জামান (৩২) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের তিনজনসহ মাইক্রোবাসের চার যাত্রী। 
 
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের যশোর সদরের রজনীগন্ধা তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আসাদুজ্জামান যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া বাঁশতলা এলাকার সেকেন্দার আলীর ছেলে।
 
দুর্ঘটনায় আহতরা হলেন- মনিরামপুর উপজেলার শ্যামপুর গ্রামের জিয়াউর রহমান (৩৫) ও তার স্ত্রী সোনিয়া খাতুন (৩০) এবং এই দম্পতির সন্তান তাসিম (৩) ও কেশবপুরের ভালুকঘর গ্রামের আব্দুল মালেকের ছেলে শামীম হোসেন (২৭)। 
 
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস আলী জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের রজনীগন্ধা তেলপাম্পের সামনে যশোরগামী প্রাইভেটকারের সঙ্গে মাগুরাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক আসাদুজ্জামান গুরুতর আহত হন। হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।