বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কায়। রাজধানী কলম্বোর বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের উদ্দেশে শহর ছেড়ে যাচ্ছেন। এদিকে দেশটির অন্যান্য স্থানে নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ায় ত্রাণ তৎপরতা বিঘ্নিত হচ্ছে।
গত সপ্তাহের শেষ দিক থেকে বৃষ্টি শুরু হয়ে এখনো অনেক যায়গায় অব্যাহত আছে। গত ২৫ বছরের মধ্যে শ্রীলংকায় এটাই সবচেয়ে ভারি বৃষ্টিপাতের ঘটনা।
কর্মকর্তারা দুর্গত এলাকার বাসিন্দাদের অবিলম্বে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এখন পর্যন্ত এই দুর্যোগে ৬০ জনের বেশি লোক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে সেখানে। চাপা পড়া অনেক মানুষ এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভূমিধসের পর অন্তত ১৩৮ জন মানুষ নিখোঁজ রয়েছেন।
IMG0
IMG1
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, রাজধানীর নিম্নাঞ্চল থেকে ২ লাখ মানুষ অন্যত্র চলে গেছে। ৪ লাখ মানুষ রাষ্ট্র পরিচালিত ত্রাণ শিবিরগুলোতে যেতে বাধ্য হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বর্ষা মৌসুমকে সামনে রেখে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণেই ভারী বৃষ্টিপাত হয়েছে। সূত্র: এএফপি