ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পাকিস্তান সেনাবাহিনীর গোলার আঘাতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। গতকাল সোমবার রাজৌর জেলার নিয়ন্ত্রণ রেখায় এই হামলার ঘটনা ঘটে। এদিকে ছত্তিশগড়ে মাওবাদী হামলায় এক সিআরপি জওয়ানের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভি’র
গতকাল ভোর সাড়ে ৫ টায় পাকিস্তান সেনাবাহিনী গোলা নিক্ষেপ করে। এতে তিন ভারতীয় সেনা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর করমজিত্ সিং নামের ২৪ বছর বয়সী এক সৈন্য মারা যান। এর আগে রবিবারও রাজৌর জেলায় পাকিস্তান বাহিনী অস্ত্রবিরতি লংঘন করে বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে গতকাল ছত্তিশগড় রাজ্যের দন্তেওয়াড়ায় মাওবাদী হামলার ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টার দিকে আইইডি বিস্ফোরণে এক সিআরপি জওয়ান নিহত হন। আহত হয়েছেন আরো অন্তত পাঁচ জওয়ান। তাদের চিকিত্সার জন্য হেলিকপ্টারে করে রাইপুরের হাসপাতালে নেওয়া হয় বলে সিআরপি সূত্র জানিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দু’জনের অবস্থা সংকটজনক। বিস্ফোরণের পর বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে বলে সিআরপি সূত্রে খবর। অরণপুর এলাকায় রাস্তা তৈরির কাজ চলছিল। ওই রাস্তায় শ্রমিক-মজুর এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার জন্য টহল দিচ্ছিলেন সিআরপিএফ’র ২৩১ ব্যাটেলিয়ন এবং পুলিশের যৌথ বাহিনী। সেই সময়ই আইইডি বিস্ফোরণ ঘটে।