ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বরিশাল-পটুয়াখালী রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে ওই রুট হয়ে বরিশালের সঙ্গে পটুয়াখালীর সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সড়ক) এস এম আমজাদ হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত ১১টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত বৈরী আবহাওয়ার কারণে বরিশাল-পটুয়াখালী সড়কের একমাত্র সংযোগ লেবুখালী ঘাট হয়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এরপর একবার গাড়ি পারাপারের পর প্রচণ্ড স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
লেবুখালী ফেরিঘাটের সুপারভাইজার আ. কুদ্দুস জানান, নদীতে স্রোত ও তুফান রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে ফেরি চালু করা সম্ভব না।