চান্দিনায় বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

কুমিল্লার চান্দিনায় বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলিসহ কাউসার আলম রুবেল (২৭) নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার রাত সোয়া ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন নাওতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। 
 
কাউসার আলম রুবেল পাশ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বিতারা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। এসময় তার সঙ্গীয় অপর এক যুবক পালিয়ে যায়।
 
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (সার্জেন্ট) মনিরুল ইসলাম জানান, ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কের টহল দিচ্ছিল। রাত অনুমান সোয়া ১০টার দিকে সামান্য বৃষ্টি উপেক্ষা করে ঢাকামুখী একটি মোটরসাইকেল আসতে দেখে সন্দেহ হয় তাদের।
 
টহল পুলিশ মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দিলে চালক দ্রুত স্থান ত্যাগ করতে গেলে কাদাযুক্ত ভেজা সড়কে হঠাৎ পড়ে যায়। এসময় টহল পুলিশ তাদের ধাওয়া করে চালক রুবেলকে আটক করলেও মটোরসাইকেলের পিছনে থাকা এক আরোহী দৌড়ে রাতের অন্ধকারে গ্রামের ভিতর ঢুকে আত্মগোপন করে।
 
সার্জেন্ট মনির আরও জানান, এসময় মোটরসাইকেল চালকের দেহ তল্লাশি করে আমেরিকার তৈরি ৭.৬৫ বোরের একটি পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।