নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, 'নির্বাচন হবে সবার চোখের সামনে। ব্যালট বাক্স হবে স্বচ্ছ ও সুন্দর। এখানে কোনো রকম গোপনীয়তা থাকবে না। নির্বাচন শেষে সবার চোখের সামনে ব্যালট বাক্স খোলা হবে।'
শনিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁর বদলগাছী উপজেলায় অডিটোরিয়ামে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জাবেদ আলী বলেন, সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সবার সহযোগীতা একান্ত কাম্য। নির্বাচন নিয়ে দেশের বিভিন্ন স্থানে সংঘাতে প্রাণহানী হয়েছে। যে প্রাণহানী হয়েছে তা কোনোভাবে পূরণ হবার নয়। তবে এ পর্যন্ত নওগাঁয় অনুষ্ঠিত ৫টি উপজেলায় কোনো রকম সহিংশতা বা প্রাণহানী ঘটেনি। এ শান্তিপূর্ন নির্বাচনী ধারা রক্ষা করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছি।
তিনি বলেন, প্রার্থী তার আচরণ বিধি মেনে ভোটারদের কাছে যাবেন। ভোটার যেমনই হোক না কেন তার মতামতকে প্রাধান্য দিতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অঞ্চল নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, পুলিশ সুপার মোজাম্মেল বিপিএম, পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা হূমায়ন কবির, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসেইন শওকত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামসহ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্যরা প্রমুখ।