এল নিনো সংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূতের নাম ঘোষণা

 
সাবেক আইরিশ প্রেসিডেন্ট মেরি রবিনসন ও কেনিয়ার কূটনীতিক ম্যাকারিয়া কামুকে এল নিনো ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত নিয়োগ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। শুক্রবার তাদের নিয়োগ দেয়া হয়।
 
এল নিনো আবহাওয়া বৃষ্টিপাতের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং খরা ও বন্যার সৃষ্টি করে। প্রতি দুই থেকে সাত বছরে এল নিনো সৃষ্টি হয়।
 
সুদানের মত দেশগুলোর বিভিন্ন স্থানে এল নিনোর ক্ষতিকর প্রভাব দেখা যায়। জাতিসংঘের তথ্যানুযায়ী, এল নিনো সংশ্লিষ্ট খরায় চার লাখ লোকের খাদ্য সহায়তা প্রয়োজন হবে। প্রতিবেশী দেশ ইথিওপিয়া ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা মোকাবেলা করছে।
 
রবিনসন এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ও বান কি মুনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ছিলেন।
 
আর কামু জাতিসংঘে কেনিয়ার রাষ্ট্রদূত ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) পর্ষদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যকরি গ্রুপের কো-চেয়ারও ছিলেন।-এএফপি।