১০ লাখ কোটি প্রজাতির বসবাস পৃথিবীতে

পৃথিবীতে প্রায় ১০ লাখ কোটি প্রজাতির বসবাস রয়েছে বলে দাবি করেছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ দাবি করেন।
তবে বিস্ময়ের বিষয় হলো এর মধ্যে মাত্র এক শতাংশ প্রজাতিকেই এখনও পর্যন্ত চেনা সম্ভব হয়েছে।
 
ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে দশ লাখ কোটি প্রজাতি রয়েছে, যার ৯৯ দশমিক ৯৯ শতাংশ এখনো বিজ্ঞানীদের অজানা। অর্থাৎ মোট প্রজাতির মাত্র ১ শতাংশ প্রজাতিকে এখন পর্যন্ত খুঁজে বের করা সম্ভব হয়েছে।
 
গবেষকরা অনুজীবী, উদ্ভিদ, প্রাণী ইত্যাদি সবমিলিয়ে গবেষণাটি চালান। এজন্য সারা বিশ্বের বিভিন্ন মহাসাগর ও মহাদেশের ৩৫ হাজারটি এলাকা থেকে মোট ৫৬ লাখ নমুনা সংগ্রহ করা হয়।
 
 ব্লুমিংটনের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জে টি লেনন এবং কেনেথ জে লোসি এই গবেষণাটি করেন।
 
অধ্যাপক জে টি লেনন বলেন, পৃথিবীতে মোট কত ধরনের প্রজাতি রয়েছে তার সংখ্যা নির্ধারণ করা জীববিজ্ঞানের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। কারণ অনুজীবী প্রাণের একটি বিরাট অংশকে খালি চোখে দেখা যায় না। এর পাশাপাশি ব্যাকটেরিয়া, ছত্রাক ও আরো কিছু প্রজাতি যেগুলো এককোষী প্রাণ সেগুলোর সংখ্যাও খুঁজে বের করা বেশ কঠিন কাজ। এনডিটিভি