জিকা মোকাবেলায় আরো তহবিলের প্রস্তাব ওবামার

জিকা ভাইরাস মোকাবেলায় তার প্রস্তাবিত তহবিল সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় কংগ্রেসের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার এর সমালোচনা করে ওবামা বলেন, ‘দেয়াল দিয়ে ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব নয়। আমরা যদি এখনই যথাযথ ব্যবস্থা নিতে না পারি তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংকট দেখা দিতে পারে।
 
তিনি আরও বলেন, তার প্রস্তাবিত অংকের (৫৮৯ মিলিয়ন মার্কিন ডলার)  তহবিল গৃহীত হয়নি। যে তহবিল গৃহীত হয়েছে তা-ও ইবোলা প্রতিরোধে সংরক্ষিত তহবিল থেকে নেওয়া হয়েছে।
 
এক পরিসংখ্যান থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রে জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭৯ গর্ভবতী নারী। এই ভাইরাসের আক্রমণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন গর্ভবতী নারীরা। কেননা এই ভাইরাস গর্ভস্থ শিশুর মস্তিষ্কে গুরুতর জন্মগত ত্রুটি সৃষ্টি করতে পারে।