বাগদাদে গ্রিন জোনে দাঙ্গায় নিহত ৪

বাগদাদের গ্রিন জোনে ভাংচুর চালানো দুর্নীতি-বিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবারের এ ঘটনায় আরো ৯০ জন আহত হয়েছেন বলে শনিবার জানায় তারা।
 
বাগদাদের গ্রিন জোনে দেশটির সরকারি দপ্তর, পার্লামেন্ট ও বিদেশি দূতাবাসগুলো অবস্থিত। এখান থেকে বিক্ষোভাকারীদের সরাতে নিরাপত্তা বাহিনী তাজা ও রাবার বুলেট এবং কাঁদুনে গ্যাস ব্যবহার করে।
 
নিহতরা সবাই গুলির আঘাতে নিহত হয়েছেন বলে বাগদাদের কেন্দ্রীয় মর্গ ও চারটি হাসপাতাল সূত্র জানিয়েছে। এসব হাসপাতালেই আহতদের নিয়ে যাওয়া হয়েছিল।
 
এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে বাগদাদের কঠোর নিরাপত্তা এলাকা গ্রিন জোনে দ্বিতীয়বারের মতো নিরাপত্তা বিঘ্নিত হল। বিক্ষোভকারীদের মধ্যে ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মোক্তাদা আল সদরের সমর্থকরা ছাড়াও অন্যান্য কয়েকটি গোষ্ঠীর লোকজনও ছিলেন। সরকারের দুর্নীতি-বিরোধী সংস্কারের ব্যর্থতা ও ইসলামিক স্টেটের (আইএস) বোমা হামলা রোধে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি না হওয়ায় এসব লোকজন ক্ষুব্ধ ছিল।
 
শুক্রবার ঘটনার পর বাগদাদে কিছু সময়ের জন্য সান্ধ্য আইন জারি করে কর্তৃপক্ষ। পরে ‘গ্রিন জোনে দাঙ্গার’ পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কথা জানিয়ে সান্ধ্য আইন তুলে নেয় কর্তৃপক্ষ। বিবিসি