তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অপরাধীরা যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সরকারি দলের নেতাকর্মীরা অপরাধ করে কেউ পার পাবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে, তাদের কোনো ছাড় নেই।
শনিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, অপরাধীদের কোন দল নেই, সমাজ নেই। তারা সুযোগ পেলেই মানুষের ক্ষতি করার চিন্তা করে। এদের যথাসময়ে প্রতিহত করা না গেলে সার্বিক ভাবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। এ জন্য পুলিশ প্রশাসনকে সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখতে হবে।
আগামী ২৮ মে সিংড়ার ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ করতে প্রশাসনসহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করলে তাদের আইনের কাঠগোড়ায় আনা হবে। জেলার অন্যান্য উপজেলায় যে সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে; সিংড়ায় সেভাবে নির্বাচন হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান শামিম হোসেন, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বিশ্বনাথ দাস কাশিনাথ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল ইসলাম,শামিমা হক রোজি প্রমুখ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী পলক উপজেলা পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সিংড়া ডায়াবেটিক হাসপাতালের পরিচালনা কমিটির সভায় যোগদান করেন।