বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে শনিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহামতি গৌতম বুদ্ধের জন্মোসব বুদ্ধপূর্ণিমা দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে।
যথাযথ ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায়ের অনুসারীরা তাদের এ প্রধান ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা, শোভাযাত্রা, প্রভাতফেরি, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, প্রার্থনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করে।
বৌদ্ধ ধর্ম মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বৌদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেয়া হয় 'বৌদ্ধ পূর্ণিমা'। বিশ্বের সকল বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এটি বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ সকালে দেশের বিভিন্ন বিহারে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বুদ্ধ পূজা, মহাসংঘদান, মহা অষ্টপরিস্কারদানসহ বিভিন্ন ধর্মীয় কার্যাদি সম্পন্ন হয়। এরমধ্যে জগতের সব প্রাণীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। খবর- বাসস।