তাড়াশে যুবককে শ্বাসরোধে হত্যা

সিরাজগঞ্জের তাড়াশে ইউসুফ আলী (১৮) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইউসুফ তাড়াশ উপজেলার ভিকমপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। রবিবার সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
 
জানা গেছে, শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর ইউসুফ আর বাড়ি ফেরেননি। শনিবার রাতের কোনো এক সময়ে তাকে শ্বাসরোধে হত্যা করে তাড়াশ উপজেলার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 
 
তাড়াশ থানার ওসি এ টি এম আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।