পিএসজিকে ফরাসি কাপ জিতিয়ে বিদায় নিয়েছেন জালাতন ইব্রাহিমোভিচ। শনিবার রাতে অলিম্পিক মার্শেইকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কাপ জিতেছে পিএসসি।
পিএসজির পক্ষে জোড়া গোল করেছেন ইব্রাহিমোভিচ। এছাড়া ব্লেইস মাতুইদি ও এদিনসন কাভানি একটি করে গোল করেন।
প্যারিসে জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ডানদিক থেকে আনহেল দি মারিয়ার নিচু ক্রস পেয়ে কাছের পোস্ট দিলে বল জালে জড়ান ব্লেইস মাতুইদি। তবে খুব বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি পিএসজি। ১০ মিনিট পরেই ১২ গজ দূর থেকে মার্সেইকে সমতায় ফেরান ফরাসি মিডফিল্ডার ফ্লোরিয়াঁ।
IMG0
দ্বিতীয়ার্ধের শুরুতে ফের এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সে মাতুইদিকে মার্সেইয়ের ডিফেন্ডার নিকোলাস এনকৌলো ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। পেনাল্টি থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান ইব্রাহিমোভিচ।
৫৬তম মিনিটে ইব্রাহিমোভিচের বাড়ানো বল ধরে স্কোরলাইন ৩-১ এ নিয়ে আসেন উরুগুয়ের ফরোয়ার্ড এদিনসন কাভানি।
৮২তম মিনিটে মাঝ মাঠের কাছ থেকে বল পায়ে ক্ষিপ্র গতিতে ডি বক্সে ঢুকে সামনে থাকা গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল করেন ইব্রাহিমোভিচ।
৮৭তম মিনিটে মার্শেইয়ের হারের ব্যবধান কমান বেলজিয়ামের ফরোয়ার্ড মিচি বাতসুয়াই।