‘থিসিসে সর্বোচ্চ ৩০ শতাংশ কপি করা যাবে’

স্নাতকোত্তর ও পিএইচডি’র থিসিসে সর্বোচ্চ ৩০ শতাংশ কপি করা যাবে। এর বেশি হলে গবেষণাটি বাতিল বলে গণ্য হবে। 
 
শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি’র গবেষণাপত্রে শিক্ষার্থীদের নকল রোধে ‘নকল নির্ণায়ক সফটওয়্যার’ উদ্বোধন অনুষ্ঠানে এমন তথ্য জানানো হয়েছে। ওই সফটওয়্যার স্নাতকোত্তর ও পিএইচডি’র থিসিসে শিক্ষার্থীদের নকল রোধ করবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কৃষিবিদরা গবেষণার মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন। কৃষি গবেষণায় উন্নতির ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এজন্য জাতি তাদের কাছে কৃতজ্ঞ। মন্ত্রী বলেন, দেশে শতকরা ৮৫ ভাগ মানুষ কর্মজীবী। এটি আমাদের এগিয়ে যাওয়ার একটি বড় শক্তি।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক এম. জাহিদুল হক এবং মূল নিবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী।