সৈয়দপুরে অটোবাইকের ধাক্কায় ২ শিশুর মৃত্যু

 
নীলফামারীর সৈয়দপুরের কাশিরামে গ্রামীণ পাকা সড়কে অটোবাইকের ধাক্কায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন বলে জানা গেছে।
 
রবিবার সন্ধ্যায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কামারপাড়ার ললিত চন্দ্রের ছেলে ধীমান (৫) ও অশ্বিনী চন্দ্র রায়ের মেয়ে বীথি রানী (৪) বাড়ির সঙ্গে লাগোয়া ঠেলাপীর-হাজারীহাট পাকা সড়ক পার হওয়ার সময় চলন্ত অটোবাইকের ধাক্কায় মাটিতে পড়ে যায়। গুরুতর আহত দুই শিশুকে প্রথমে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গভীর রাতে দুজনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে অটোবাইক বেপরোয়াভাবে চলাচলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী অটোবাইকটি আটক করলেও চালক পলাতক রয়েছেন বলে জানান তিনি।