রাণীনগরে চলছে শেষ সময়ের প্রচার-প্রচারণা

নওগাঁর রাণীনগর উপজেলা বর্তমানে আসন্ন ইউপি নির্বাচনের আমেজে ভাসছে। উপজেলাবাসী এই প্রথম দলীয় প্রতীকে ইউপি নির্বাচনের স্বাদ উপভোগ করছেন। আগামী ২৮ মে ৫ম ধাপে উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। চোখের ঘুম হারাম করে তারা এলাকার প্রতিটি অলি-গলির মানুষদের কাছে ভোট প্রার্থনা করছেন আর  দিয়ে যাচ্ছেন নতুন নতুন আশ্বাস। উপজেলার রাস্তা-ঘাট ও অলি-গলি ছেঁয়ে গেছে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে হাজারো সাদা-কালো, পোস্টার ও ফেস্টুনে।
 
এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার রাণীনগর সদর, কাশিমপুর, গোনা, বড়গাছা, কালিগ্রাম, পারইল, একডালা ও মিরাট ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা, সমাবেশ, পথসভা, উঠান বৈঠক ও ভোট প্রার্থনা। উপজেলার আটটি ইউনিয়নে মোট ভোটার রয়েছে এক লাখ ৪০হাজার চার শত ৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার এক শ ৫১জন এবং নারী ভোটার ৭০ হাজার দুই শ ৯৬ জন।
 
উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন পরিচালনার জন্য চারটি বিভাগের উপড়  দায়িত্ব প্রদান করা হয়েছে। এরমধ্যে ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন ও ৮নং মিরাট ইউনিয়নের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।
 
২নং কাশিমপুর ইউনিয়ন ও ৩নং গোনা ইউপি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজনুর রহমানকে।
 
৪নং পারইল ইউনিয়ন ও ৭নং একডালা ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা এসএম গোলাম সারওয়ারকে।
 
৫নং বড়গাছা ইউনিয়ন ও ৬নং কালিগ্রাম ইউপি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. সেলিম উদ্দিনকে। 
 
উপজেলা নির্বাচন অফিস জানায়, আগামী ২৮ মে শনিবার উপজেলার আটটি ইউনিয়নের ৭৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভোট কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহিৃত করেছে পুলিশ প্রশাসন। বুথ রয়েছে চার শ ৩৮টি। ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য এরই মধ্যেই প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নিয়োজিত করা হয়েছে।
 
এসব ইউনিয়নে মোট ভোটারের মধ্যে ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নে পুরুষ ভোটার নয় হাজার দুই শ ২০জন ও নারী ভোটার সাত হাজার দুই শ ৫৫ জন।
 
২নং কাশিমপুর ইউনিয়নে পুরুষ ভোটার সাত হাজার এক শ ৩৩ জন। নারী ভোটার সাত হাজার তিন শ তিনজন।
 
৩নং গোনা ইউনিয়নে পুরুষ ভোটার সাত হাজার পাঁচ শ ১৬জন। নারী ভোটার সাত হাজার ছয় শ ১০ জন।
 
৪নং পারইল ইউনিয়নে পুরুষ ভোটার নয় হাজার নয় শ ৫৩ জন। নারী ভোটার নয় হাজার ছয় শ ৯৮ জন।
 
৫নং বড়গাছা ইউনিয়নে পুরুষ ভোটার আট হাজার চার শ ৪৬ জন। নারী  ভোটার আট হাজার দুই শ ৩১ জন।
 
৬নং কালিগ্রাম ইউনিয়নে পুরুষ ভোটার ১০ হাজার ৯৪ জন।  নারী ভোটার ১০ হাজার ৬৭ জন।
 
৭নং একডালা ইউনিয়নে পুরুষ ভোটার ১০ হাজার তিন শ ৫৩ জন।নারী ভোটার ১০ হাজার চার শ দুইজন।
 
৮নং মিরাট ইউনিয়নে পুরুষ ভোটার সাত হাজার চার শ ৩৬ জন। নারী ভোটার সাত হাজার সাত শ ৩০ জন।
 
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল লতিফ খাঁন জানান, ২৮ মে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল প্রকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক প্রহরায় থাকবেন। যে কোন ধরণের অনিয়ম কঠোর হাতে দমন করা হবে।