অবশেষে পদত্যাগ করলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদমান

অবশেষে পদত্যাগ করলেন ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রভাষক সাদমান তাহরীফ প্রত্যয়। বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টি জানিয়েছেন আভিযুক্ত এই শিক্ষক।

তিনি জানান, ‘এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। তবে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। পদত্যাগপত্রটি কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি।’

জানা গেছে, শিক্ষার্থীদের সঙ্গে বাজে ভাষা ব্যবহার, ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, পরীক্ষায় নম্বরে স্বজনপ্রীতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল ও অসম্মানজনক পোস্টসহ বিভিন্ন অভিযোগে প্রভাষক সাদমান তাহরীফ প্রত্যয়কে বহিষ্কার দাবিতে চলতি বছরের ২ জানুয়ারি বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত সাদমান তাহরীফ প্রত্যয়কে ওই সময়ে চলমান সকল শিক্ষাবর্ষের ক্লাস থেকে অব্যাহতি দেয়।

আরও পড়ুন: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সর্বশেষ গত মঙ্গলবার রেজিস্টার বরাবর লিখিত অভিযোগ প্রদান করে ওই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার ১১টায় উপাচার্যের সাথে দেখা করে অভিযুক্ত শিক্ষককে দ্রুত স্থায়ীভাবে বহিষ্কার করার দাবি জানায় তারা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. মো. হুমায়ুন কবীর জানান, ‘সংগীত বিভাগের প্রভাষক সাদমান তাহরীফ প্রত্যয়ের বিরুদ্ধে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। দ্রুত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইত্তেফাক/বিএএফ