৫৪ ও ১৬৭ ধারা: আপিলের রায় মঙ্গলবার

পরোয়ানা ছাড়া গ্রেফতারের ধারা (৫৪ ধারা) ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ধারা (১৬৭ ধারা) সংশোধনে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের রায় জানা যাবে মঙ্গলবার।
 
সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় বিষয়টিতে রায় ঘোষণার জন্য ২ নম্বর তালিকায় রাখা হয়েছে।
 
মঙ্গলবার সকাল ৯টার পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। 
 
বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
 
এর আগে গত ১৭ মে হাইকোর্টের দেয়া রায় চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছিল, তার শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন আপিল বিভাগ।