নজরুলের জন্মদিনের অনুষ্ঠানে গান গাইবেন খিলখিল কাজী

কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করবে ভারতীয় হাইকমিশন। চলতি মাসের ২৭ তারিখ এই অনুষ্ঠানে গান গাইবেন কবির নাতনি খিলখিল কাজী।
 
কবিপূত্র কাজী সব্যসাচীর কন্যা খিলখিল কাজী বাবার কাছ থেকে সংগীতের পাঠ গ্রহণ করেন। ১৯৭২ সালে বাবা মায়ের সঙ্গে বাংলাদেশে আসেন এবং এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এছাড়াও এই অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী সালাউদ্দিন আহমেদ। উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
 
গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।