ইতালির ইউরো দল থেকে বাদ পড়লেন পিরলো, বালোতেল্লি

ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের জন্য দেওয়া ইতালির প্রাথমিক দলে আন্দ্রেয়া পিরলো ও মারিও বালোতেল্লিকে রাখেননি কোচ আন্তোনিও কন্তে। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব নিউ ইয়র্ক সিটির প্লেমেকার ৩৭ বছর বয়সী পিরলোর মতো ৩০ সদস্যের দলে জায়গা পাননি দুই মিডফিল্ডার জুভেন্টাসের ক্লদিও মার্কিসিও ও পিএসজির মার্কো ভেরাত্তি। 
 
দুজনেই অবশ্য চোটে ভুগছেন। তোরিনোর উঠতি তারকা ২১ বছর বয়সী মার্কো বেনাস্সিকেও দলে রাখেননি কোচ। এসি মিলানের ফরোয়ার্ড মারিও বালোতেল্লির মতোই আক্রমণভাগে জায়গা হয়নি সাস্সুয়েলোর দোমেনিকো বেরার্দি ও সান্ডারল্যান্ডের ফাবিও বোরিনির।
 
দলে অবশ্য আছেন জুভেন্টাসের ৩৮ বছর বয়সী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তার সঙ্গে দলে আছেন জুভেন্টাসের রক্ষণ জুটি লিওনার্দো বোনুচ্চি ও জর্জো কিয়েল্লিনি। এ ছাড়া দলে জায়গা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মাত্তেও দার্মিয়ান ও পিএসজির গোলরক্ষক সালভাতোরে সিরিগুর।
 
ফ্রান্সে ইউরোর মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি নিতে স্কটল্যান্ড ও ফিনল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইতালি। আগামী ১০ জুন শুরু হবে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্ব। ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলবে ইতালি। ‘ই’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও সুইডেন। গোল.কম।