চৌগাছায় বাকপ্রতিবন্ধি তরুণী ধর্ষণের শিকার

যশোরের চৌগাছায়এক বাকপ্রতিবন্ধি তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের  দুদিন পর সোমবার বিকেলে মেয়েটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ঘটনার শিকার মেয়েটির মা জানান, মেয়েটি শনিবার দুপুরে বাড়ির দক্ষিণপাশে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। তখন উপজেলার দূর্গাপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে ওহেদুল তাকে মাঠের পাশে স্যালোমেশিনের ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় প্রতিবন্ধি মেয়েটি চিৎকার করলে মাঠের কৃষকরা এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে। পরে স্থানীয় প্রভাবশালী মহল বিষয়টি মীমাংসার জন্য ধর্ষিতাকে বাড়িতে রেখে দেয়। রবিবার সকালে গ্রাম্য শালিসে এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে বিষয়টি গ্রামে জানাজানি হয়। পরে গ্রামবাসির সহযোগিতায় ওইদিন দুপুরে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় মেয়েটিকে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার আলমগীর কবির।
 
চৌগাছা থানার ওসি মশিয়ার রহমান জানান, ধর্ষণের খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা করছে।