মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নে নির্বাচনে প্রভাব বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে মো. হানিফ (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে হোসেন্দি ইউনিয়নের লস্করদী এলাকায় এ ঘটনা ঘটে। হানিফ লস্করদি গ্রামের নজু মিস্ত্রির ছেলে। তিনি হোসেন্দি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক। হানিফ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থক।
জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহাবুবুল হক মজনু একটি মিছিল বের করে। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিঠুর একটি মিছিল বের হয়। সে সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। মজনুর সমর্থকরা মিঠুর কয়েকটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। পরে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের গুলিতে হানিফ মাটিতে লুটিয়ে পড়েন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এএসপি (সার্কেল) সদর কাউছার রিজভি কোরেশি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে বিদ্রোহী প্রার্থী মজনু ও তার সমর্থকরা পলাতক রয়েছেন।