কোপা আমেরিকায় খেলতে পারবেন সুয়ারেজ

 
কোপা দেল রে ফাইনাল। ১০ সদস্যের বার্সা তখন লড়ছে সেভিয়ার ১১ জন খেলোয়াড়ের বিপক্ষে। মূলত নিজেদের রক্ষণভাগ আগলে রেখে গোল করার চেষ্টা। এমন সময় হঠাৎ পায়ে চটো পেয়ে মাঠের বাইরে চলে আসেন সুয়ারেজ। বেঞ্চে বসে এক সময় কেঁদে ওঠেন।
 
অনেকে মনে করছেন চোট পাওয়ার পর কোপা আমেরিকায় খেলা অনিশ্চিত হওয়ায় কাঁদছিলেন তিনি। আবার কেউ কেউ বলছেন, ক্লাবের প্রয়োজনীয় মুহূর্তে মাঠ ছেড়ে আসায় কাঁদছিলেন এই উরুগুয়ের ফরোয়ার্ড। অবশ্য অনেকে বলছিলেন চোটের ব্যথায় হয়ত কাঁদছিলেন তিনি। সুয়ারেজের কান্না যে কারণেই হোক, আশার বিষয় হল- কোপা আমেরিকা কাপে হয়ত খেলতে পারছেন তিনি।
 
সোমবার তার হ্যামস্ট্রিংয়ে (পায়ের পেশি) চোট ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে বার্সেলোনা। কিন্তু উরুগুয়ের এই ফরোয়ার্ডের কোপা আমেরিকায় খেলার সম্ভাবনা বাতিল করেনি ক্লাবটি। বার্সেলোনা বিবৃতিতে জানায়, ডাক্তারি পরীক্ষায় সুয়ারেজের ডান পায়ে চোট ধরা পড়েছে। ক্লাবেই সেরে ওঠার প্রক্রিয়ার প্রথম ধাপ পার করবেন তিনি।
 
১ জুন যুক্তরাষ্ট্রে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার এবং ওখানেই তার সেরে ওঠার দ্বিতীয় ধাপ চলবে। আগামী ৩ জুন শুরু হতে যাওয়া এবারের কোপা আমেরিকায় উরুগুয়ে তাদের প্রথম ম্যাচ খেলবে ৫ জুন, মেক্সিকোর বিপক্ষে।