শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ফিরলেন হেনরিকস

 
ইনজুরির কারণে জেমস প্যাটিনসন ছিটকে পড়ায় শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেয়েছেন অল-রাউন্ডার মোয়িসেস হেনরিকস। এদিকে দ্বিতীয় স্পিনার হিসেবে দলভুক্ত হয়েছেন স্টিফেন ওকিফ।
 
প্রায় পাঁচ বছর পরে শ্রীলংকা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। দুই মাসের এই সফরে টেস্ট সিরিজ ছাড়াও পাঁচটি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
 
পিঠের ইনজুরির কারণে প্যাটিনসন ও পিটার সিডল বাদ পড়ার পরে হেনরিকসের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত ছিল। ২০১৩ সালের পরে প্রথমবারের মত হেনরিকস টেস্ট দলে ফিরেছেন। জুলাই-আগস্টে অনুষ্ঠিতব্য এই সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে আরো রয়েছেন ন্যাথান কোল্টার-নাইল। ইনজুরির কারণে ছয় মাস অনুপস্থিত থাকার পরে টেস্ট দলে ফিরেছেন পেস তারকা মিশেল স্টার্ক।
 
দল প্রসঙ্গে নির্বাচক প্রধান রড মার্শ বলেছেন, উপ-মহাদেশীয় কন্ডিশনে এই দলটি নিজেদের অভিজ্ঞতার প্রমাণ দিয়েছে। একজন অতিরিক্ত অল-রাউন্ডার হিসেবেই হেনরিকসকে দলে নেয়া হয়েছে। স্পিন সহায়ক উইকেটে সে আগেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। নিজের ফিটনেস নিয়ে সে কঠোর পরিশ্রম করেছে। আশা করছি এবারও সে আমাদের হতাশ করবে না। জ্যাকসন বার্ড ও ন্যাথান কোল্টার-নাইলও দলে রয়েছেন যাদের ওপর ভরসা করা যায়। মূল একাদশে জায়গা পেলে ও’কিফ ন্যাথান লিঁওর অভাব পূরণ করতে পারবেন। আমরা তার দক্ষতা সম্পর্কে জানি।
 
অস্ট্রেলিয়ান স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জ্যাকসন বার্ড, জো বার্নস, ন্যাথান কোল্টার-নাইল, জোস হ্যাজেলউড, মোয়িসেস হেনরিকস, উসমান খাজা, ন্যাথান লিঁও, মিশেল মার্শ, শন মার্শ, পিটার নেভিল, স্টিভেন ওকিফ, মিশেল স্টার্ক, এ্যাডাম ভোগেস।-বাসস।