ঠাকুরগাঁওয়ে নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেরেকুল ইসলামের নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
 
সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ নিয়ে নৌকা মার্কার সমর্থকরা রাতেই বিক্ষোভ করে।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নারগুন ইউনিয়নের ছোট খোচাবাড়ি এলাকায় নৌকা প্রতীকে সোমবার রাতে কয়েকজন দুর্বৃত্ত আগুন লাগিয়ে পালিয়ে যায়। আর এ নিয়ে নৌকা মার্কার সমর্থকরা রাতে সেখানে উত্তেজিত হয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
 
নৌকা প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত সেরেকুল ইসলাম চৌধুরী জানান, নৌকা শেখ মুজিবুরের প্রতীক। এ প্রতীককে যারা আগুন দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ইতিমধ্যে ইউনিয়ন আওয়ামী লীগ নৌকা প্রতীক পোড়ানোর জন্য থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
 
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।