ইবি শিক্ষকের ওপর হামলার শাস্তির দাবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সাইফুজ্জমানের ওপর দুর্বৃত্তদের নৃশংস হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 
 
মঙ্গলবার বেলা ১১টায় অনুষদ ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচশতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 
 
সূত্র জানায়, গত শুক্রবার কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল শিশির মাঠ এলাকায় হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান ও ড. মো. সাইফুজ্জমানের ওপর তিন মোটরসাইকেল আরোহী তাদের গতিরোধ করে। এসময় ঘাতকরা দুজনকে  ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মীর সানাউর রহমান নামের হোমিও চিকিৎসকস (৫৫) নিহত ও ড. সাইফুজ্জমান গুরুতর আহত হয়। বর্তমানে ড. সাইফুজ্জামান ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
 
ওই হামলার ঘটনার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষদ ভবনের সামনে বেলা ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ও সমিতির সভাপতি প্রফেসর ড. মো. এমতজা হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড.অলী উল্যাহ, বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. গৌতম কুমার দাস প্রমুখ।IMG0
 
এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড.আনোয়ার হোসেন, প্রফেসর ড. জহুরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের সভাপতি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 
 
মানববন্ধনে বক্তরা বলেন, ড. সাইফুজ্জমান ছিলেন সাধারণ মানুষের জন্য নিবেদিত প্রাণ। মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ানোই ছিল তার পরম ধর্ম। আমরা শিক্ষক সমাজ রাস্তায় নামতে চাই না। তবে আমাদের সহকর্মীদের সুষ্ঠু বিচার না হলে আমাদের আন্দোলন এখানেই শেষ হবে না। প্রশাসনের কাছে আমাদের দাবি এ হত্যার ঘাতকদেরকে বিচারের কাঠগড়ায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।