‘সিরিয়ায় আইএসের হামলায় রাশিয়ান হেলিকপ্টার বিধ্বস্ত’

সিরিয়ায় রাশিয়ান বাহিনীর ব্যবহৃত বিমানঘাঁটিতে ইসলামিক স্টেটের হামলায় সৃষ্ট আগুনে চারটি হেলিকপ্টার ও ২০টি লরি বিধ্বস্ত হয়েছে। বেসরকারি গোয়েন্দা সংস্থা স্ট্রাটফোরের প্রকাশিত স্যাটেলাইট ছবির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এ খবর। 
 
ক্রেমলিন সমর্থক একটি ওয়েবসাইট জানিয়েছে, টি ফোর বিমানঘাঁটির এই হেলিকপ্টারগুলি রাশিয়া ও সিরিয়ান বাহিনী ব্যবহার করতো। রাশিয়া এখনো আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। জানা গেছে, একটি বড় আগুনের শিখা টি-ফোর বিমানঘাঁটির যানবাহনে ছড়িয়ে পড়ে এবং তেলের ট্যাংকারের বিস্ফোরণের পরে রাশিয়ান হেলিকপ্টারগুলোতে আগুন লেগে যায়। 
 
উল্লেখ্য, আইএস সমর্থক একটি বার্তা সংস্থা এই ঘটনা প্রথমে উল্লেখ করেছিল। একই দিনে জঙ্গি সংগঠনটি তাদের যোদ্ধারা টি ফোর বিমানঘাঁটিতে গ্রেড রকেট ছোড়ার ছবি প্রকাশ করে।
 
স্ট্রাটফোরের সামরিক বিশ্লেষক সিম তাক বলেন, এই আগুন দুর্ঘটনাবশত লাগার কোনো সুযোগ নেই। ছবিগুলো থেকে আমরা বুঝতে পারি যে এই আগুন দুর্ঘটনাবশত লাগেনি যেমনটা গুজব ছড়ানো হচ্ছে। এটা দেখে পরিষ্কার ভাবে বোঝা যায় আগুনের বেশ কয়েকটি উৎস রয়েছে বিমানবন্দর জুড়ে। এবং এটা পরিষ্কারভাবে দেখা যায় রাশিয়া শক্তিশালী হামলার শিকার হয়েছে। বিবিসি।