ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সিনাবুং পর্বতের অগ্ন্যুৎপাতে বেশ কয়েকটি গ্রাম পুরু ছাইয়ের স্তরে ঢেকে গেছে। অগ্নুৎপাতের পরে গরম ছাই ও বাতাসে নিঃশ্বাস নেয়ার কারণে রবিবার পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে সিনাবুং পর্বত থেকে ১২ কিলোমিটার দূর পর্যন্ত এই ছাই ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে উত্তর সুমাত্রার গাম্বার গ্রাম। রবিবার পর্যন্ত অগ্ন্যুৎপাত কমে আসলেও স্থানীয় বাসিন্দাদের প্রায় আড়াই হাজার মিটার উচ্চতার এই আগ্নেয়গিরি থেকে দূরে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।
IMG0
সিনাবুং আগ্নেয়গিরি গত ৪০০ বছর ধরে সুপ্ত ছিল, ২০১০ সালে এটি আবার অগ্ন্যুৎপাত শুরু করে। ২০১৪ সালে অগ্ন্যুৎপাতে ১৪ জন নিহত হয়েছিল এবং এর পরে সেখানকার বাসিন্দাদের এই এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেয়া হয়েছিল। তবে অনেক কৃষক তাদের খামারে ফিরে এসেছে।
IMG1
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলায় অবস্থিত। দেশটিতে ১২০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। বিবিসি।