রাজধানীর বিদ্যুত্ সঞ্চালন ব্যবস্থা মাটির তলদেশে নিয়ে যাওয়া হবে। এজন্য ‘ডেসকো এলাকায় বিদ্যমান ৩৩ কেভি ওভারহেড লাইনকে আন্ডার গ্রাউন্ড কেবলে রূপান্তর, ক্ষমতা বর্ধন এবং স্থাপন’ শীর্ষক প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্পে প্রথমবারের মতো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকে ঋণ নেওয়া হচ্ছে। মোট ৫৬৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পে এআইআইবির ঋণ পাওয়া যাবে ৩৫৮ কোটি ৫৬ লাখ টাকা।
গতকাল শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, মাটির তলদেশ দিয়ে বিদ্যুত্ সঞ্চালন লাইন কত গভীরে এবং কোনো এলাকা দিয়ে যাবে তার যথাযথ মানচিত্র প্রণয়ন ও সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে বিদু্যুত্ ব্যবস্থাপনার দক্ষতায় নতুন মাত্রা পাবে। বৈঠক সূত্রে জানা যায়, বর্তমানে ডেসকোর অধীনে প্রায় ৮৯ কি.মি. দৈর্ঘের ওভারহেড সার্কিট দ্বারা সাব-স্টেশটগুলো যুক্ত রয়েছে। এ লাইনগুলো অনেক পুরানো এবং আধুনিক নয়। এর লোড ক্ষমতাও অনেক কম। আন্ডারগ্রাউন্ড সার্কিটের বিদ্যুত্ লোড ক্ষমতা ওভারহেড সার্কিটের চেয়ে প্রায় ২৫০ গুণ বেশি। এ ব্যবস্থায় সিস্টেম লস কম হয় এবং স্থায়িত্বও বেশি। ডেসকোর আওতাধীন এলাকায় লাইন ওভারলোডেড থাকায় গ্রাহক পর্যায়ে লো-ভোল্টেজ সমস্যাসহ বিদ্যুতের সিস্টেম লস বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে রাজধানীর বিদ্যুত্ চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই বর্ধিত বিদ্যুত্ চাহিদা মেটানোর জন্য বিদ্যমান বিদ্যুত্ ব্যবস্থার সংস্কার, আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রী জানান, সভায় ৩ হাজার ১৮২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় ৬ হাজার ৯৫০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে মোট ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হচ্ছে, বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্প (২য় সংশোধিত), এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৮৮ কোটি টাকা। ২৫১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ডেসকোর উত্তরা ও বসুন্ধরা ১৩২/৩৩/ ১১ কেভি গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা বর্ধন ও পুনর্বাসন প্রকল্প। ৩৫০ কোটি টাকা ব্যয়ে ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ (১ম সংশোধিত) প্রকল্প এবং ২০৯ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ভৌত সুবিধাদি ও গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্প।