গাইবান্ধায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

 
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দেবেশ চন্দ্র প্রমাণিক (৬৮) নামের এক জুতা ব্যবসায়ীকে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় নেপেন চন্দ্র (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 
 
গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ বাজারে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 
 
দেবেশ চন্দ্র প্রমাণিক গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ এলাকার মৃত যোগেস চন্দ্র প্রমাণিকের ছেলে।
 
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সকালে মহিমাগঞ্জ বাজারের জুতার দোকানে বসেন দেবেশ চন্দ্র। বুধবার সকালে ৩-৪ জন দুর্বৃত্ত দোকানে ঢুকে দেবেশ চন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবেশ চন্দ্রের। পরে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। 
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কেন কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। এছাড়া দুর্বৃত্তদের সনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।  
 
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে হত্যা মামলা ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধার আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 
 
নিহত দেবেশ চন্দ্র প্রমাণিকের ছেলে দেবাশিষ চন্দ্রের অভিযোগ, স্থানীয় কয়েকজন মাদকাসক্ত যুবক তার বাবার দোকানে এসে জুতা ও টাকা দাবি করতেন। এতে রাজি না হওয়ায় বাবার সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এ জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।