মেডিক্যাল টেকনোলজিস্ট পদ

'কারিগরি শিক্ষা বোর্ডের সনদধারীদের নিয়োগে বাধা নেই'

 
বাংলাদেশ কারগিরী শিক্ষা বোর্ড থেকে স্বাস্থ্য বিষয়ে ডিপ্লোমাধারীদের সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দিতে বাধা নেই মর্মে রায় দিয়েছ হাইকোর্ট। 
 
আদালত বলেছে, এসব ডিপ্লোমাধীরীদের চাকরিতে আবেদন বা নিয়োগদানের ক্ষেত্রে কোনো প্রকারের বারিত বা বৈষম্য করা যাবে না। রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণদের মধ্য থেকে যারাই আবেদন করবে তাদের মধ্য থেকে যারা মেধাবী ও যোগ্য তাদের নিয়োগ দিতে হবে। পৃথক পৃথক রিট আবেদন নিষ্পত্তি করে দিয়ে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রায় দেন।
 
২০১৩ সালের জানুয়ারি মাসে মেডিক্যাল টেকনোলজিস্টসহ (ল্যাব, ফার্মাসিস্ট, নার্সিং, রেডিওলজি, ফিজিওথেরাপি ও ডেন্টাল) ২ হাজার ৭৭টি পদের বিপরীতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। 
 
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অনুমোদিত ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স উত্তীর্ণরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন তাদের আবেদনের সুযোগ দেয়া হয়নি। 
 
পরে এই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক চারটি রিট আবেদন দায়ের করেন রাজীব কুমার মণ্ডল ও নাজমুল হকসহ কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ (ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি) কয়েকজন শিক্ষার্থী। আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিতের পাশাপাশি রুল জারি করে। 
 
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট কে এম হাফিজুল আলম ও ব্যারিস্টার মাহবুব শফিক শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।