শিল্পখাতে বিপুল পরিমাণে বিনিয়োগে আগ্রহী চীন

 
বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং বলেছেন, বাংলাদেশের শিল্পখাতের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য চীন বিপুল পরিমাণে বিনিয়োগে আগ্রহী। বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে তিনি এই আগ্রহের কথা জানান। 
 
মা মিং কিয়াং বলেন, চীন বাংলাদেশে শিল্প-কারখানা স্থানান্তরের পাশাপাশি বাংলাদেশ থেকে এসব কারখানায় উৎপাদিত পণ্য আমদানি করবে। এক্ষেত্রে বাংলাদেশ শুল্কমুক্ত রফতানির সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন। 
 
চীনের রাষ্ট্রদূত বলেন, পাট শিল্পখাতে জামা, জ্যাকেট, মোজা, শাড়ি, টাই, জুতা, নির্মাণ সামগ্রীসহ বহুমুখী পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে। চীনের উদ্যোক্তারা এসব পণ্য উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশের পাটশিল্পখাতে বিনিয়োগ করতে চায়। এর পাশাপাশি কৃষি যন্ত্রপাতি, কয়লাভিত্তিক বিদ্যুৎ ও সার উৎপাদনেও চীন বিনিয়োগ করবে। বাংলাদেশে শিল্পখাতের ভিত্তি শক্তিশালী করতে চীন সব ধরনের সহায়তা দেবে বলে তিনি উল্লেখ করেন।
 
শিল্পমন্ত্রী বাংলাদেশের শিল্পখাতে চীনা বিনিয়োগ আগ্রহের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, চীনা উদ্যোক্তারা পাটশিল্পের পাশাপাশি বাংলাদেশের চিনিকল ও নিউজপ্রিন্ট কারখানার আধুনিকায়নে বিনিয়োগ করতে পারে। তিনি জানান, এক্ষেত্রে সরকার প্রয়োজন অনুযায়ী জমি বরাদ্দ দিতে প্রস্তুত রয়েছে। 
 
আমির হোসেন আমু বলেন, চীনা উদ্যোক্তারা অর্থনৈতিক অঞ্চলে ভারি শিল্পখাতে বিনিয়োগের পাশাপাশি এর বাইরেও হালকা প্রকৌশল শিল্পখাতে বিনিয়োগ করতে পারে। তিনি বাংলাদেশে গাড়ি উৎপাদন শিল্পে বিনিয়োগের জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। এ লক্ষ্যে বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে চীনের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান যৌথভাবে উদ্যোগ নিতে পারে বলে তিনি মন্তব্য করেন। 
 
বৈঠকে চীনের রাষ্ট্রদূত ১২ থেকে ১৭ জুন চীনের কুংমিংয়ে অনুষ্ঠিতব্য ৪র্থ চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী এবং ২৪তম চীনা কুংমিং আমদানি-রফতানি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও শিল্প উন্নয়ন সম্পর্কিত আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের জন্য শিল্পমন্ত্রীকে আমন্ত্রণ জানান। তিনি সেসময় চীনের খ্যাতনামা গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনের প্রস্তাব করলে শিল্পমন্ত্রী এতে সম্মতি জানান।-বাসস।