ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মো. জসিম মুন্সি (২০) নামে এক যৌন নিপীড়ককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার মধ্য খৈালী গ্রামের বাসিন্দা।
বুধবার বিকেল তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এ আদেশ দেন।
জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার লতাবুনিয়া গ্রামের হারুনের মেয়ে গৃহ-পরিচারিকা হোসনেয়ারাকে (১২) দক্ষিণ কৈখালীতে থেকে বাড়ি যাওয়ার পথে জসিম জোর পূর্বক মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জঙ্গলে নেয়ার চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এবং যৌন নিপীড়ক জসিমকে আটক করে স্থানীয় শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনের কাছে হাজির করে।
বিকাল তিনটায় ইউপি চেয়ারম্যান জসিমকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।