কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কবি নজরুল ছিলেন আপোষহীন খর্বাঅস্ত্র। তিনি দেশ-কাল ও ধর্মের ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছিলেন। তিনি ছিলেন সকলের কবি। তিনি শাসন-শোষণ, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে লড়াই করেছেন। বঙ্গবন্ধুই কবি নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন। নজরুল একজন খাটি বাঙ্গালি ছিলেন।
ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে ১১৭তম নজরুল জন্মবার্ষিকী শুরু হয়েছে। নজরুল জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দরিরামপুর নজরুল মঞ্চে বুধবার বিকালে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান, মোসলেম উদ্দিন এমপি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহীত উল আলম, পুলিশ সুপার মঈনুল হক, সাবেক এমপি আব্দুল মতিন সরকার, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান প্রমুখ। নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে বই মেলা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে।