তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'বিশ্ব তথ্য, যোগাযোগ ও সম্প্রচার শীর্ষ সম্মেলনে সম্প্রচারমাধ্যম আগামী দিনগুলোতে মানুষকে শান্তি , টেকসই উন্নয়ন ও সাংস্কৃতিক সমৃদ্ধি দেবার লক্ষ্যে কাজ করবে।'
তিনি মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইঞ্চন শহরে ওকউড প্রিমিয়ার হোটেলে সেদেশের বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা মন্ত্রী চি ইয়ানগী এর সভাপতিত্বে ও এশিয়ান ইন্সটিটিউট অভ্ ব্রডকাস্ট ডিভালপমেন্ট (এআইবিডি)'র উদ্যোগে আয়োজিত এশীর্ষ সম্মেলনে প্লেনারি সভায় এ আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার 'ভবিষ্যৎ উন্নয়নে সম্প্রচারমাধ্যমের ভূমিকা ও অবদান' শীর্ষক মূল প্রতিপাদ্যকে ভিত্তি করে সম্মেলনে অংশগ্রহণ করেন কম্বোডিয়া, লাও, সামোয়া, শ্রীলংকা, ভিয়েতনাম ও বাংলাদেশের সংশিষ্ট মন্ত্রীবর্গ ও নেপালের তথ্য সচিব।
বাংলাদেশের নীতি তুলে ধরার ক্ষেত্রে মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, 'অতীতের স্বৈরশাসনের জঞ্জালমুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রায় শেখ হাসিনার সরকার বেসরকারি টিভি, এফএম ও কমিউনিটি বেতার চালু করে সম্প্রচার মাধ্যমের এক অভূতপূর্ব বিকাশ ঘটিয়েছে।'
বাংলাদেশের তথ্যমন্ত্রী সম্মেলনে তার ১১ মিনিটের বক্তৃতায় আরো বলেন, 'সম্প্রচারমাধ্যমের কাজ হলো তথ্য, বিনোদন ও শিক্ষার মাধ্যমে মানুষকে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে তোলা। আত্মিক ও নান্দনিক সমৃদ্ধি না ঘটলে শুধু অর্থনৈতিক উন্নয়ন কখনো টেকসই হতে পারেনা। আর তাই ২০১৫ পরবর্তী জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের মধ্যে ১৬ নম্বরে গণমাধ্যমের প্রয়োজনীয় ভূমিকা তুলে ধরা হয়েছে।'
এ সম্মেলন ও ২৪ থেকে ২৬ মে এশিয়া মিডিয়া সামিটের ১৩তম আসরে তথ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মহাপরিচালকদ্বয়, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা যোগ দিচ্ছেন। সম্মেলনের আগের দিন বিকেলে তথ্যমন্ত্রী কোরিয়ার ইঞ্চনে পৌঁছান ও ২৬ মে আবার ঢাকার উদ্দেশে কোরিয়া ত্যাগ করবেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একই দিন মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় বিশ্ব তথ্য, যোগাযোগ ও সম্প্রচার শীর্ষ সম্মেলনের পাশাপাশি ওকউড প্রিমিয়ার হোটেলেই কোরিয়া রিপাবলিকের বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা মন্ত্রী চি ইয়ানগী এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ গ্রহণ করেন।
এর আগে মঙ্গলবার সকাল ন'টায় দক্ষিণ কোরিয়ার ইঞ্চন শহরে একই ওকউড প্রিমিয়ার হোটেলে এশিয়া মিডিয়া সামিটের ১৩তম আসরে অতিথিবক্তা হিসেবে গণমাধ্যমের উপাদান ও সমসাময়িক বিশ্বে মানবিক উন্নয়নে সম্প্রচার মাধ্যমের ভূমিকা চিহ্নিত করে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।