দেবরের হাতে ভাবি খুন

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় দেবরের হাতে ভাবি খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
 
বুধবার সকালে পুলিশ গৃহবধূ নিলুফার ইয়াসমিনের (২৮) লাশ উদ্ধার করে। মঙ্গলবার রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর থেকে দেবর মহিউদ্দিন (৩২) পলাতক রয়েছে।
 
ইপিজেড থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার রাতে ইপিজেড থানাধীন বন্দরটিলার নসিউল আলম ভবনের নিচতলায় একটি ব্যাচেলর বাসায় এই হত্যাকাণ্ড ঘটে।
 
তিনি আরো জানান, দেবর মহিউদ্দিনের সঙ্গে তার বড় ভাইয়ের স্ত্রী নিলুফার ইয়াসমিনের অনৈতিক সম্পর্ক চলে আসছিল বলে আমরা জানতে পেরেছি। তারা বন্ধুর বাসায় বেড়াতে এসেছিলেন। কোনো কারণে বিরোধ সৃষ্টি হওয়ায় মঙ্গলবার নিলুফারকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর পালিয়ে যায় মহিউদ্দিন। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘাতক মহিউদ্দিনের বাড়ি বাঁশখালি উপজেলার দক্ষিণ বরুমছড়া এলাকায়। নিহত নিলুফার ইয়াসমিন একই উপজেলার পুকুরিয়া ইউনিয়নের মৃত সোলাইমানের মেয়ে।