দুদকের মামলায় বেড়া পৌর মেয়রসহ পাঁচজন কারাগারে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি মামলায় পাবনা বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
 
বুধবার দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক আব্দুল কুদ্দুস তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো অন্য চারজন হলেন- বেড়া পৌরসভার কাউন্সিলর ইসলাম উদ্দিন, আব্দুস সামাদ মহলদার, নার্গিস আক্তার ও হাটের ইজারাদার মাহবুব হোসেন বাবলু।
 
প্রসঙ্গত, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ এনে দুদকের পাবনা অফিসের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন গত বছরের ৩১ আগস্ট বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেনসহ ১৫ জনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেন।