এসএ গ্রুপের ৩টি অঙ্গ প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই ও র‌্যাব অভিযান চালিয়ে ভোজ্যতেল উৎপাদনকারী এসএ গ্রুপের ৩টি অঙ্গ প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে।
 
র‌্যাব সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে মঙ্গলবার এই বিশেষ অভিযান পরিচালনার সময় দেখা যায়, উৎপাদিত পণ্যের গুণগতমান যাচাই ছাড়া এবং ভিটামিন 'এ' সমৃদ্ধকরণ ছাড়া সয়াবিন তেল, পাম অয়েল ও পাম অলিন বিক্রয় ও বিতরণ করছে।
 
প্রতিষ্ঠান ৩টি হলো-কামাল ভেজিটেবল অয়েল রিফাইনারি মিলস লিমিটেড, সারিজা অয়েল রিফাইনারি লিমিটেড এবং সাউথ ইস্টার্ন অয়েল রিফাইনারি লিমিটেড। বিএসটিআই এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রতিষ্ঠান ৩টিকে বিএসটিআই ফিল্ড অফিসার আফসানা হোসেন, শশিকান্ত দাস, এজিএম মো. সিদ্দিক আহমেদ, ম্যানেজার মো. কামাল হোসেন, ম্যানেজার জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করলে তা আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন।