স্নাতক পর্যন্ত হচ্ছে অবৈতনিক শিক্ষা

 
তিন-চার বছর পর অবৈতনিক শিক্ষা স্নাতক পর্যন্ত নেয়া হবে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রী অনেক আগেই এটি করার উদ্যোগ নিলেও আমার কারণে হয়নি।
 
বুধবার আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মুহিত বলেন, প্রধানমন্ত্রী একটা কথা সবসময় বলেন, সবাইকে শিক্ষিত করে গড়ে তোলা হলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাই তিনি স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করতে চান। কিন্ত রাজস্বের অভাবে তা করতে পারছি না। বর্তমানে অবৈতনিক শিক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক শ্রেণি পর্যন্ত।
 
অর্থমন্ত্রী বলেন, এখনো ১০ শতাংশ শিশু স্কুলে যেতে পারে না। এদের বেশির ভাগ প্রতিবন্ধী ও অনগ্রসর অঞ্চলের বাসিন্দা। এ সব শিশুকে স্কুলগামী করার জন্য আগামী বাজেটে বরাদ্দের ব্যবস্থা করেছি। মাধ্যমিক শিক্ষার মান এখনো দ‍ুর্বল। ৬০ শতাংশ শিক্ষার্থী মাধ্যমিক পর্যন্ত আসতে পারে। এটি উন্নত করে ১শ শতাংশ করার বড় দায়িত্ব শিক্ষকদের।তবে মাধ্যমিক শিক্ষা শতভাগ করার জন্য ৬৩ হাজার শ্রেণিকক্ষ বাড়াতে হবে জানিয়ে মুহিত বলেন, এর জন্য শিক্ষক নিয়োগ ও তাদের প্রশিক্ষণে বিপুল অর্থ প্রয়োজন হবে।