বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপিকে ধ্বংস করার জন্যই জিয়া পরিবারকে আক্রমণ করা হচ্ছে। সরকারের বিভিন্ন ধরনের ’অপকর্ম’ ঢাকার জন্যই নতুন ইস্যু তৈরি করে জনগণের মন অন্য দিকে ঘোরানোর জন্য বিভিন্ন ঘটনার অবতারনা করা হচ্ছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আসলাম চৌধুরীকে মোসাদের সঙ্গে জড়িয়ে বিভিন্ন ধরনের কল্পকাহিনী প্রচার করা হচ্ছে সরকারের নানা অপকর্ম ঢাকার জন্য। এই ষড়যন্ত্র দেশের জনগণ বিশ্বাস করবে না জেনেই এখন আসলাম চৌধুরীর পেছনে দুদককে লাগিয়ে দেয়া হয়েছে।