বাংলাদেশে চলমান সহিংস হত্যাকাণ্ড নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে একমত নয় যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনায় এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী হুগো সয়্যার।
বাংলাদেশের সামপ্রতিক হত্যাকাণ্ড নিয়ে হুগো সয়্যার বলেন, ‘বলা হচ্ছে, ধর্ম অবমাননার কারণেই এসব হত্যাকাণ্ড। অন্যদিকে এসব হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দলকে দায়ী করেছে। এই বক্তব্যের সঙ্গে ব্রিটিশ সরকার একমত নয়।’
তিনি বলেন, আমরা মনে করি, সমস্যা আরো গভীরে। নিজের ভাষণের শুরুতেই সয়্যার ঘূর্ণিঝড় রোয়ানুতে নিহত বাংলাদেশিদের প্রতি শোক প্রকাশ করেন। একইসঙ্গে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও মতের দিক থেকে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
পার্লামেন্ট সদস্য সিমন ডানজুক বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্বাচনে প্রতারণায় বাংলাদেশ দ্রুতই ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। এমন অবস্থা চলতে থাকা বিট্রেনে বাংলাদেশিদের অনুপ্রবেশের সংখ্যা বাড়বে। বাংলাদেশের সরকার যেন যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে তার জন্য নিষেধাজ্ঞা জারির সময় এসেছে কিনা তাও মন্ত্রীর কাছে জানতে চান তিনি।
বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে জানিয়ে ব্রিটিশ মন্ত্রী সয়্যার বলেন, সংখ্যালঘু হত্যাসহ বিভিন্ন হত্যাকাণ্ড ২০১৫ সাল থেকে বেড়েছে। নিহত হয়েছেন সমকামিদের অধিকার নিয়ে কাজ করা জুলহাজ মান্নান ও মাহবুব তনয়। হুগো সয়্যার জানান, কেবল জুলহাজ ও তনয় নয়, নাজিমউদ্দিন সামাদ ও রাজশাহীতে রেজাউল করিম হত্যাকাণ্ডও বেশ আলোচিত বিষয়।