বিসিএস (টেলিকম) ক্যাডারের কর্মকর্তা এবং বিটিসিএলের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) কবির হোসেন ভূঁঞা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব মঙ্গলবার গ্রহণ করেছেন।
কবির হোসেন ভূঁঞা ১৯৮২ সালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৮৩ সালের ডিসেম্বর মাসে বিসিএস (টেলিকম) ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডে সরকারী চাকুরীতে যোগদান করেন।
কবির হোসেন ১৯৯২ সনে বিভাগীয় প্রকৌশলী, ২০০৩ সালে পরিচালক, ২০১০ সালে প্রধান কর্মাধ্যক্ষ এবং ২০১৫ সালের ২৮ ডিসেম্বর বিটিসিএল এর সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তিনি উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ, সেমিনার এবং সম্মেলনে যোগদানের জন্য যুক্তরাজ্য, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, জার্মানি, ফ্রান্স ইত্যাদি দেশ ভ্রমণ করেছেন।