তার ছিড়ে ৩ উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর এলাকার ঘাটান্দিতে শত বছরের পুরাতন গাছ বিদ্যুতের তারের ওপর ভেঙে পরে উপজেলাসহ গোপালপুর ও ঘাটাইল উপজেলার একাংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া গাছটি ভেঙ্গে পড়ায় ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার বিকালে আকস্মিক ঝড়ে এ গাছটি ভেঙে পরে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঝড়ের সময় ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি সড়কের ঘাটান্দি এলাকার ভুঞাপুর বিদ্যুৎ সাবস্টেশনের মূল তারের ওপর গাছটি ভেঙে পড়ে।  ফলে পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ গাছটি ভেঙে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। ঝড় থেমে যাওয়ার পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে গাছটি কেটে সরিয়ে নেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
 
ভূঞাপুর থানার উপ-পরিদর্শক তারিকুজ্জামান জানান, গাছ ভেঙে পরার ঘটনায় পাশ্ববর্তী ছয়টি দোকান ও দুইটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহত নেই।
 
ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত গাছটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
 
এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আওয়াল জানান, ঘটনার পর পরই সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্টদের গাছটি দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।