১০ম দিনে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন

জাতীয় প্রেসক্লাবের সামনে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থী (ম্যাটস), বেকার ও পেশাজীবী ডিপ্লোমা চিকিত্সকরা উচ্চ শিক্ষা ব্যবস্থা করা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বেতন ভাতা ১১তম গ্রেড থেকে ১০তম গ্রেডে উন্নতিকরণ, ইন্টার্ন শিক্ষার্থীদের জন্য নীতিমালা প্রণয়ন ও ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার ১০ম দিনে গণ অবস্থানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে। 
 
গত ১৬ মে থেকে পাঁচ দফা দাবির বাস্তবায়ন কমিটির আয়োজনে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবসহ সারাদেশের শহীদ মিনারে একযোগে অনশন কর্মসূচি পালন করছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের অসুস্থতা সংখ্যা বেড়ে চললেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে তাদের দাবি পূরণের কোনোরকম প্রতিশ্রুতি বা তত্পরতা লক্ষ্য করা যায়নি বলে তারা অভিযোগ করছেন।
 
ম্যাটস শিক্ষার্থীদের কর্মসূচির সাথে এরইমধ্যে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ ডিল্পোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। এছাড়াও সারাদেশে ইন্টার্ন শিক্ষার্থী ও পেশাজীবীরা আন্দেলনের অংশ হিসেবে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং ম্যাটস-এর শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে দাবি আদায়ের লক্ষ্যে আন্দেলন করছেন।