একরাম হত্যা : পাঁচজনের সাক্ষ্য প্রদান

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার ৪০ জন আসামিকে ফেনী জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ আদালতে হাজির করা হয়।
 
বুধবার মামলার ধার্য দিনে একরামুল হক একররামের স্ত্রী তাসলিমা আক্তার, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহি উদ্দিন সামু, আবুল বশর, মো. ইউছুপ ও আবু সাঈদ আদালতে সাক্ষ্য প্রদান করেন। মামলার পরবর্তী তারিখ ৮ জুন ধার্য করা হয়েছে। মামলার প্রধান আসামী বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী আদালতে হাজির হয়।
 
একরামের স্ত্রী তাসলিমা আক্তার এই মামলার আসামি আদেল, শিবলু, মিস্টার, জাহেদ ও আবিদসহ  ৫ জনের নাম উল্লেখ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার স্বামীকে হত্যা করা হয়েছে।
 
জানা যায়, একরাম হত্যার ঘটনায় গত বছর ২৮ আগস্ট মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার ৪৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জন হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে কোন না কোনভাবে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি ১২ জন আসামি এখনো পলাতক রয়েছেন।