শূন্য থেকে শুরু করার বিষয়টি কঠিন ছিল : মেসি

 
বার্সেলোনায় এসে শূন্য থেকে শুরু করার বিষয়টি কঠিন ছিল বলে জানিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তিনি স্পোর্টস ইলাস্ট্র্যাটেডকে দেয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনায় সপরিবারে চলে আসা প্রসঙ্গে বলেন, 'এমন একটা দেশে আসা যেখানে আমার কিছুই ছিল না; একেবারে শূন্য থেকে শুরু করার বিষয়টি খুব কঠিন ছিল।'
 
শৈশবে আর্জেন্টিনার নিওয়েলস ওল্ড বয়েজে কাটানোর পর ১৩ বছর বয়সে মেসি তার পরিবারের সঙ্গে বার্সেলোনায় পাড়ি জমান। আর এরপরের সবই ইতিহাস, আটটি লা লিগা ও চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ কাতালান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত মোট ২৮টি শিরোপা জিতেছেন তিনি।
 
কিন্তু আসার সময় কতটা কঠিন ছিল তা বর্ণনা করতে গিয়ে মেসি বলেন, সময়টা জটিল ছিল। এক দিকে এটা দারুণ ছিল, কারণ বার্সেলোনায় এসে খেলতে পারাটা চমৎকার ব্যাপার। অন্য দিকে, এটা ছিল কঠিন কারণ আমি সব কিছু পেছনে ফেলে এসেছিলাম। শৈশবে আমি আমার বন্ধু ও পরিবারের একটা অংশকে ফেলে এসেছিলাম।
 
তবে শেষ পর্যন্ত বার্সেলোনার হয়ে দুর্দান্ত কাটানো সময়টাকে উপভোগ করেছিলেন বলে জানান তিনি। গোল ডট কম।